মুহাম্মদ ফরিদ হাসান। জন্ম ১৯৯২ সালে, চাঁদপুরে। সার্টিফিকেট নাম মো. মোস্তাফিজুর রহমান। সচেতনভাবে একযুগের বেশি সময় সাহিত্যচর্চা ও গবেষণায় নিবেদিত আছেন। ভারত ও বাংলাদেশ মিলিয়ে তার প্রকাশিত গ্রন্থ ২৯টি। ছোটকাগজ ও জাতীয় পত্রিকায় প্রকাশিত লেখা চার শতাধিক।
উল্লেখযোগ্য গ্রন্থ- মিথ্যুক আবশ্যক (কাব্যগ্রন্থ), অন্য শহরের গল্প (গল্পগ্রন্থ), সাহিত্যের অনুষঙ্গ ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধগ্রন্থ), চিত্রকলার জগৎ (প্রবন্ধগ্রন্থ), রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা (গবেষণাগ্রন্থ), শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১ (গবেষণাগ্রন্থ), বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন, যাপনে উদ্যাপনে ইলিশ (সম্পাদিত গ্রন্থ) ইত্যাদি।
সম্পাদিত ছোটকাগজ- বাঁক এবং মৃত্তিকা।
গবেষণা- তার অধিকাংশ গ্রন্থ গবেষণাধর্মী। ২০২৪ সালের অক্টোবরে রবীন্দ্রনাথ ও চাঁদপুরের মানুষেরা এবং শতবর্ষে চা শ্রমিক আন্দোলন : ডেডলাইন ২০ মে ১৯২১ গবেষণা গ্রন্থ’ দুটির ভারতীয় সংস্করণও প্রকাশিত হয়। এছাড়া দুটি গবেষণা-প্রবন্ধ বাংলা একাডেমি পত্রিকা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির জার্নাল শিল্পকলায় প্রকাশিত হয়েছে। ২০২২ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিচালিত ‘হাওর অঞ্চলের সংস্কৃতি’ বিষয়ক গবেষণা প্রকল্পে অন্যতম গবেষক হিসেবে কাজ করেছেন। এছাড়া ‘চাঁদপুরের রবীন্দ্রনাথ’ এবং ‘চাঁদপুর ও নজরুল’ শীর্ষক গবেষণা-নির্ভর দুটি ডকুমেন্টারি করেছেন তিনি। গবেষণা কাজে ভারতের কলকাতা ও দিল্লি ভ্রমণ করেছেন।
গবেষণা সেমিনার- ২০২৪ সালের ১১ ডিসেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের আয়োজনে ‘বাঙালি নারীর চিত্রকলাচর্চার সূচনা ও বিকাশ’ শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন।
সাংগঠনিক চর্চা- প্রতিষ্ঠাতা, সেন্টার ফর হিস্ট্রি অ্যান্ড কালচারাল রিসার্চ; আজীবন সদস্য, পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ, কলকাতা। আজীবন সদস্য, ইতিহাস একাডেমি, ঢাকা।
পড়াশোনা- বাংলায় স্নাতক ও স্নাতকোত্তর। বর্তমানে এমএএস (এমফিল সমমান) গবেষণা কোর্সে অধ্যয়নরত। এ কোর্সে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফেলোশীপ পেয়েছেন।
পেশা- একযুগ ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত। বর্তমানে নির্বাহী সম্পাদক, দৈনিক শপথ। সাধারণ সদস্য, চাঁদপুর প্রেসক্লাব।
পুরস্কার ও সম্মাননা- ‘চাঁদপুর সাহিত্য একাডেমি পুরস্কার-২০১৪’, ‘দেশজ জাতীয় পাণ্ডুলিপি পুরস্কার-২০১৭’, ‘ছায়াবাণী কৃতী লেখক সম্মাননা-২০১৮’, ‘চাঁদপুর কণ্ঠ লেখক সম্মাননা-২০২৪’, হাজীগঞ্জ ফোরাম সাহিত্য সম্মাননা-২০২৪’, মুন্সীগঞ্জ লেখক পরিষদ গুণীজন সম্মাননা-২০২৪’, এবং ‘অনুপ্রাণন পাণ্ডুলিপি পুরস্কার-২০২৪’।
শখ- সঙ্গীত ও চিত্রকলার প্রতি প্রবল আগ্রহ। ঘুরে বেড়াতে ভালোবাসেন। স্বপ্ন দেখেন, পৃথিবীর উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানগুলোতে তিনি পরিভ্রমণ করবেন।




মুহাম্মদ ফরিদ হাসানের চিত্রকলার জগৎ পড়তে গিয়ে প্রথমেই এ কথা মনে হলো যে, লেখক কঠিন বিষয়কে পাঠকের হৃদয়গ্রাহী করার দুরূহ কাজটি সাবলীলভাবে করেছেন। তত্ত্ব, তথ্য, তারিখের জটিল সমীকরণগুলি জীবনের গল্পের সঙ্গে মিলিয়ে মনোগ্রাহী করে তুলেছেন। লেখক তার গ্রন্থে আমাদের প্রবেশ করাচ্ছেন শিল্প মতবাদ দিয়ে। এই প্রবন্ধের মাধ্যমে চিত্রকলা বিষয়ে শিক্ষিত তথা আনাড়ি, সবার মনে চিত্রকলার বিবর্তনের সম্যক ধারণা তৈরি হবে। এছাড়া শিল্পীদের জীবন ও মনের সংকুল যাত্রাপথ লেখক চমৎকার তুলে ধরেছেন তার বিভিন্ন প্রবন্ধে। লেখাগুলো গল্পের মতন তরতরিয়ে পড়া যায়।
