কেউ কি আমায় খুঁজছ? এই তো আমি… – শানু মজুমদার
বাল্যকালে ভরা বর্ষায়
মা আমাকে চোখে চোখে রাখতেন
আমি পানিতে ডুবে মরি সেই আতঙ্কে
সারাক্ষণ মা ভুগতেন
আমাকে নিয়ে রাজ্যের দুশ্চিন্তা ছিলো তাঁর ।
ছেলেবেলায় পাড়ার ডানপিটে ছেলেগুলো
হন্যে হয়ে আমাকে খুঁজত
আমি তাদের ডাংগুলি খেলার সাথি ছিলাম
তারা সবাই এখন প্রৌঢ়-ন্যূজ
দুচোখে ঘোলাটে স্বপ্ন নিয়ে নেহায়েত বেঁচে থাকা,
তারা আর আমাকে খোঁজে না।
যৌবনে আমাকে খুঁজত সাতকানিয়ার সৈয়দ
দেবীদ্বারের হেলাল, কবি আরিফ মঈনুদ্দিন
চন্দনাইশের রনজিৎ, টাঙ্গাইলের ইয়াহিয়া।
সৈয়দ-রনজিৎ এখন পরলোকে
অন্যরাও আমাকে আজ খোঁজে না।
চাঁদের বুড়ি যখন যৈবতী কইন্যা ছিলো
প্রেমে-অপ্রেমে আমার খোঁজ নিত
হপ্তা হপ্তা চিঠি পাঠাত বাঙলা অক্ষরে।
এইসব বন্ধ এখন
জরাজীর্ণ জীবন তার, আমারও
কেউ কি আমায় খুঁজছ?
এইতো আমি…
ক্যাড়াকলে পড়ে আছি নিষ্কর্মাজন
রাত বিরাতে ফ্যাল ফ্যাল চোখে
চাঁদ বুড়ির মুখপানে তাকিয়ে থাকি।
Keo Ki Amay Khujcho? Ei Tho Ami - Shanu Mazumder

