সাহিত্য ও সংগীত : বিবিধ প্রবন্ধ – বিভূতিভূষণ মণ্ডল
একজন প্রবন্ধ-শিল্পীর অন্যতম বৈশিষ্ট্য পাঠকের মনে মৃদু পরশ কিংবা প্রবল ধাক্কা মারতে পারার পারঙ্গমতা। এটা যিনি রপ্ত করতে পেরেছেন তিনিই যথার্থ প্রবন্ধ রচয়িতা। প্রাবন্ধিক ও গবেষক বিভূতিভূষণ মণ্ডল ইতোমধ্যেই নিজের জাত চিনিয়েছেন; দীপ্র প্রজ্ঞাজাত আনকোরা সব লেখাজোকার মাধ্যমে। তাঁর নতুন বই ‘সাহিত্য ও সংগীত : বিবিধ প্রবন্ধ’ও পাঠকের ভাবনাদুয়ারে প্রথম প্রভাতের মোলায়েম রোদ্দুর ছোঁয়াবে। দেবে আলোকোজ্জ্বল পরিসর।
অভিন্ন মলাটে সাহিত্য ও সংগীতের মেলবন্ধন বোধকরি ইতিপূর্বে ঘটেনি, অন্তত বাংলাদেশে। নিষ্ঠ গবেষক বিভূতিভূষণ মণ্ডল দেখিয়েছেন এই দুটো শিল্পমাধ্যম দূরের কিছু নয়। বরং একে অপরের পরিপূরক। সংগীত মূলত সাহিত্যেরই একটি উজ্জ্বল প্রশাখা। এই বইয়ের বড়ো বৈশিষ্ট্য— লেখক বিষয়ওয়ারি একেকজন শিল্প-সাধককে হাজির করেছেন নতুন পরিচয়ে। অবগুণ্ঠনের আড়ালে যা হয়তো পাঠকের অচেনা ছিল। অজানা থাকাটাই স্বাভাবিক। লেখকের ব্যাখ্যা তথা অবলোকন একেবারেই আলাদা।
সচরাচর সবাই একটি বস্তুকে যে দৃষ্টিতে পর্যবেক্ষণ করেন— প্রচল পরিধি পেরিয়ে উজানে যেতে পারা চাট্টিখানি বিষয় নয়। এর জন্য জীবন-জগৎকে দেখার নিবিড় নজর লাগে। তৃতীয় নয়ন থাকতে হয়। লেখক সেটা অর্জন করেছেন। অগ্রসর পাঠক এই বইপাঠে ঋদ্ধ ও মুগ্ধ হবেন— নিঃসন্দেহে।
শফিক হাসান
কথাসাহিত্যিক
Sahitya O Songeet : Bibidha Probandha - Bibhuti Bhushan Mandal

