ভ্রূণফুল – নুরুন্নাহার মুন্নি
নুরুন্নাহার মুন্নির কবিতা আমার ভালো লাগে, এমনকি তার সাহিত্যিক তৎপরতাও আমার পছন্দের। কারণ কবি হওয়ার জন্য একজন মানুষের যতটা নিমজ্জন, পরিশুদ্ধতা দরকার- তার মধ্যে সেটা আছে। সামাজিক মাধ্যমেও আমি তাকে অনুসরণ করি, তার কবিতা পড়ি এবং সাহিত্যিক-সাংগঠনিক কর্মকাণ্ড লক্ষ করি। এবার তার ‘ভ্রূণফুল’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি পড়তে গিয়ে এ ধারণা আরও প্রগাঢ় হলো। সত্যি সত্যি এই বইয়ের কবিতাগুলো আমায় মুগ্ধ করল। সচারচর অনেকে কবিতা লেখার ক্ষেত্রে পরিবেশ স্থানিকতা ভাষা এবং লৈঙ্গিক উপস্থিতি সঠিকমাত্রায় উপলব্ধি করতে পারে না; এতে কবিতায় কৃত্রিমতা ভর করে। কিন্তু মুন্নির ক্ষেত্রে তা ঘটেনি, তার কবিতার বিষয়, ভাষাশৈলী বেশ জীবন্ত এবং ভাবের উদ্রেককারী। একটি গার্হস্থ্য জীবন, সমকালীন রাজনৈতিক জীবন, মানবচরিত্রের কপটতা- তিনি শব্দ, উপমা, উৎপ্রেক্ষার দ্বারা তুলে ধরেন; তাই বলে তিনি ভুলে যান না প্রাণ-প্রকৃতি, প্রেম-রিরংসা, মানবচৈতন্যের রূপবৈচিত্র্য। মুন্নির কবিতার মধ্যে, বাক্যবন্ধের মধ্যে, শিরোনাম ও ভাষাশৈলীর মধ্যে এক সপ্রাণতা রয়েছে- যা কাব্যপাঠককে সহজে উজ্জীবিত করতে পারে, ভাবের ঘরে নিয়ে যেতে পারে। যেমন তার দুএকটি কবিতার কথা উল্লেখ করা যায়- আঙুলের মদ গিলে কামনার খইফুল, গ্রাফিতি জীবন, রক্ত ফোটে গাছে গাছে, মুখোশ পরা দিন, আমার খেয়ালে ছেঁড়া মানচিত্র, কাটা মাদুলীর নিহত স্বর, ঠোঁট ও উদ্ভ্রান্ত বিকেল, জংলি ফুল, বউ হবো, চেনা মুখ অপরিচিত ছায়া। আমার বিশ্বাস কাব্যপাঠক নুরুন্নাহার মুন্নির কবিতার নান্দনিক উপলব্ধি থেকে বঞ্চিত হবেন না।
-মজিদ মাহমুদ
কবি ও প্রাবন্ধিক
Vrunful - Nurunnahar Munni
একুশ – আবদুল মতিন
মানুষের মন একটি বিমূর্ত বৈচিত্র্যের আধার। বস্তুত মানুষের মনের চেয়ে অধিক বৈচিত্র্যময় কিছু বুঝি এ বিশ্বলয়ে দ্বিতীয়টি নেই। একজন মানুষের মনে একই সময়ে, একইসাথে লক্ষ-কোটি দ্বন্দ্ব-সংঘাত ক্রিয়া করে। এ মানসিক দ্বন্দ্বের ওপর ব্যক্তির আসলে তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। তবে অধিকাংশ ক্ষেত্রে একজন ব্যক্তির শ্রেণিগত ও পেশাগত ভিন্নতার কারণে ব্যক্তিতে ব্যক্তিতে এ দ্বন্দ্বসমূহের আচরণগত বৈশিষ্ট্যে ভিন্নতা পরিলক্ষিত হয়।
জনাব মো. আবদুল মতিন পেশায় ছিলেন একজন ব্যাংকার। কর্মজীবনে পেশাগত কারণেই প্রতিদিন তাঁকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতে হতো। এরই সুবাদে তিনি তাদের মনের দ্বন্দ্ব-সংঘাতের প্রকৃতি বোঝার চেষ্টা করতেন। তারই লব্ধজ্ঞানে মানুষের মনের কথাগুলো তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকেন, প্রকাশ করে থাকেন সমাজের স্তরে স্তরে বিদ্যমান নানান অসংগতিসমূহ। কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক বর্ণনায়, কখনো-বা প্রতিবাদী ভাষায়। তাছাড়াও সৃষ্টির সেরা জীব হিসেবে একজন মানুষের করণীয়, মানুষের সাথে মানুষের আচরণ, মানবিক মূল্যবোধ ইত্যাদি কেমন হওয়া উচিত সে বিষয়গুলিও উঠে আসে তার কবিতায়। উঠে আসে প্রকৃতি, বাদ পড়ে না সাম্প্রতিক বিষয়াদিও।
Ekush -Abdul Matin
বধিরের পাঠশালা – কামাল মুহম্মদ
কামাল মুহম্মদ সত্যসন্ধানী কবি। ‘বধিরের পাঠশালা’ কবির ষষ্ঠ কাব্যগ্রন্থ। তার কবিতায় চিত্রকল্প কল্পনা ও প্রতীকে মূর্ত হয়ে জীবন ও জগতের ইমেজ তৈরি করে। তার বাস্তবতা আর্তের ধ্বনি হয়ে চিৎকার করে এবং শেষতক শিল্পের রূপ-দুয়ার খুলে দর্শনে গিয়ে থামে। তখন কবিতায় দার্শনিকতা যেমন ফুটে ওঠে তেমনই কবিতা হয়ে ওঠে শিল্পমণ্ডিত। কবি আগে সমষ্টিকে ধারণ করেন নিজের ভেতরে। তারপর সামষ্টিক ধারণার অভিব্যক্তিকে শিল্পরূপ দেন কবিতায়। যেমন- ‘ডানার বাইরে যেতে পারে না পাখি’ অথবা ‘আমিকে ভাঙতে ভাঙতে গড়ি/জন্মাই আমি, নাম ধরে ডাকি হেই কামাল? কোথায়?’-এ এক দার্শনিক জিজ্ঞাসা। নিজেকে চেনার-জানার এবং জগৎকে বোঝার। এভাবেই বুনন হয় কবির কবিতা-দর্শন। যে দর্শন মানবিকতা, কল্যাণ, নৈতিকতা ও সৌন্দর্যকে নিয়ে হাঁটে। তিনি যখন বলেন, ‘দাঁড়কাক হই, ডালে বসে ডাকি দুপুরে-ভাত দে, রুটি দে/মদ দে…’ সত্যি সত্যিই আমরা তখন এমন এক জীবনের মুখোমুখি দাঁড়াই যেখানে আর্তমানবতার হাহাকার ছাড়া কিছুই ভাবা যায় না। এমতাবস্থায় কবিতাকে তিনি যে সত্যের মুখোমুখি নিয়ে যান তাতে একুশ শতকের পোশাক পরা সভ্যতার মুখোশ উন্মোচিত হয়ে পড়ে। গ্রন্থের প্রতিটি কবিতায় তার এই বোধ বিস্ময়ের উদ্রেক করে। তখন পরিশুদ্ধ এক বাস্তবতা কল্পনা করা ছাড়া পাঠকের আর উপায় থাকে না। গ্রন্থটি পাঠকপ্রিয় হোক।
কবি সরকার আজিজ
Bodhirer Pathshala - Kamal Muhommod
বৃষ্টি : মনোমুগ্ধকর খুনি – এমরান কবির
তোমার ভূগোলে আসার পর
ভেবে দেখ
কীরূপ ছিল আমার জয়োল্লাস
আজ ভূগোলের গোলে
থামিয়ে রেখেছি গান
ফেরার পথে নিয়ে যাব
তোমার না-দেখানো
বৃষ্টির সোনালি আগুন
যার জন্য অনেক আগেই আমি
হয়েছিলাম খুন
Brishti : Monomugdhokor Khuni - Emran Kabir
ইদানীং নীল হওয়া বনে – জহুরুল ইসলাম
সবুজ পাতার মুখে গুচ্ছ গুচ্ছ ফুলের মতো জহুরুল ইসলামের কবিতা। বসন্তদিনের ভোরের আলোর সাথে খেলা করে রূপ, রস ও ছন্দে। এ যেন মানবজীবনের উষ্ণতা আর সৌরভের সুরেলা হাওয়া। সাম্প্রতিক আধুনিকতার শিল্পিত পাল্লায় জহুরুল ইসলাম এক অনিবার্য নাম। তার কবিতা লোভনীয় ডালিম দানার মতো টুকটুকে লাল। নির্মাণ করেন জীবনপ্রবাহের চিত্রাবলি কবিতার চরণ ও পঙ্ক্তির মুরতিজুড়ে। কবিতা তো এমনই : জীবনের চলমানতা, প্রকৃতি ও মানুষের মেলবন্ধন। নদীর গতিপথ যেমন এঁকেবেঁকে চলে তেমনি মানবজীবনের গতিপথও মসৃণ নয়। তাই তো কবিতার পরতে পরতে আঁকা হয় মানবচরিত্রের বৈচিত্র্যময় অনুভব। জহুরুল ইসলামের কবিতার আঙিনা উপমার আবরণে অবিরল আলোকচ্ছটার রূপসী নারীর সুরভিত সুর আর ভাবের ব্যঞ্জনায় ভেসে ওঠে যৌবনের রঙিন অনুভূতির উন্মাতাল জোয়ার। কবিতার শরীরজুড়েও ঢলে পড়ে ষোড়শী নারীর বাঁধভাঙা যৌবন। আমি তাঁর কবিতার সিথানে মন রাখি প্রার্থনার মতো। আমার বিশ্বাস এ-কাব্যটি আপনাদের হৃদয়কে স্নিগ্ধ করবে।
আদ্যনাথ ঘোষ
০২.০৯.২০২৫
Edaning Neel Hawya Bone - Jahurul Islam
Dirghosshasser Journal by Kumar Deep
নারীস্থান ও পার্শ্ববর্তী চিত্রকল্প – হাফিজ রশীদ খান
কবিতার কাজ প্রকৃতিগতভাবেই বিপ্লবী। এটি আত্মকর্মবিশেষ। এ হলো অভ্যন্তরীণ মুক্তির মসনবি পথ। কবিতা জগৎভ্রমণের সনদ উন্মুক্ত করে দেয়, গড়ে তোলে আরেকটা জগৎ। কবিতা বিচ্ছিন্ন করে, আবার সংযুক্তিও রচনা করে পরম মমতায়। সে এক উন্মাদ অভিলাষের আমন্ত্রণ।
নিশ্বাস-প্রশ্বাস। সমর্পণের জ্ঞান-ভক্তিভাষি নম্যতা। শূন্যের কাছে আকুল প্রার্থনা। অনুপস্থিতির সঙ্গে কথোপকথন। ক্লান্তি, হতাশা আর যন্ত্রণা তাকে পুষ্টি দেয়। কবিতা কখনো আরাধনা, স্তোত্র, মন্ত্রপ্রতিম। শ্রেণি, জাতি আর জাতীয়তার বহিঃপ্রকাশ। অযাচিত মহত্ত্ব, ভূতচর্চা আর জাদুবিদ্যা। অভিজ্ঞতা, অনুভূতি, আবেগ, প্রজ্ঞা আর পরোক্ষের কীর্তন। পাগলামো, জ্যাঠামো আর ছেলেমানুষি প্রগল্ভতা।
অকস্মাতের ফল। উন্নত ও সুউচ্চমার্গে বচন উৎক্ষেপণের ঐশী আচরণকলা। কবিতা সংখ্যালঘুর জন্যে, সম্মিলিত জনতার, ব্যক্তিগতও। নেংটো নৃত্য সে, প্রলাপ। কখনো পাতার মুকুটপরা সম্রাট- জাঁহাপনা! চিত্রিত ও চিৎকৃত। জনপদের সহজিয়া উতল, মরমি উৎসব। কলজেচেরা গান। ঐতিহ্যের রঙ- উজাড় ভালোবাসা। সহাস্যে স্বদেশ প্রত্যাবর্তন। সর্বোপরি, কবিতা দ্বন্দ্বমূলক ভাববাদ!
Naristhan O Parshoborti Citrokalpo by Hafiz Rashid Khan
একদিন ফেরার পথ জেগে উঠবে – আবু মকসুদ
সময়ের কঙ্কালগুহা পেরিয়ে যে পথ ধুলো জমে নিথর হয়ে আছে, সেই পথে একদিন শব্দ জাগবে, নীরবতা কেঁপে উঠবে, ফিরবে মানুষ—ফিরে আসবে তারা, যাদের চোখে হারিয়ে যাওয়ার অতল রেখা আঁকা ছিল। ‘একদিন ফেরার পথ জেগে উঠবে’—এই পাণ্ডুলিপি কেবল কবিতার সংকলন নয়, এটি প্রতিটি অনুচ্ছেদে হারিয়ে যাওয়া শৈশব, ঝরে পড়া প্রেম, ভাঙা স্বপ্ন আর তীব্র আশার এক অস্পষ্ট মানচিত্র।
এখানে প্রতিটি শব্দ যেন কুয়াশায় লেখা চিঠি, পাঠকের হৃদয়ে এসে খুলে যায়। একাকিত্ব, যুদ্ধ, প্রতিবাদ, অপেক্ষা আর অদৃশ্য ফেরার টান—সব মিলিয়ে কবি বুনেছেন এক গভীর মানবিক আবেগের জাল, যা ছিঁড়ে ফেলাও যায় না, ফেলে রাখাও যায় না।
এই কবিতাগুলো শুধু পড়ার জন্য নয়, থমকে দাঁড়াবার জন্য। মনে রাখার জন্য। এবং শেষে একবার হলেও বলার জন্য—হ্যাঁ, আমিও সেই ফেরার পথের যাত্রী। ‘একদিন ফেরার পথ জেগে উঠবে’— জেগে উঠবে আমাদের ভেতরের নিভে যাওয়া আলো, যেখানে অপেক্ষা করে আছে ফেরা, পরিশুদ্ধ হয়ে।
Ekdin Ferer Path Jage Uthbey - Abu Maksud
শ্রেষ্ঠ কবিতা – কামরুল ইসলাম
বলে রাখা ভালো, শ্রেষ্ঠত্বের বিষয়টি নিতান্তই আপেক্ষিক এবং কোনো ব্যক্তি তার নিজস্ব বৃত্তপরিধির আলোয় যাকে শ্রেষ্ঠ বলছেন, অন্য ব্যক্তির কাছে তা হয়তো খুবই সাধারণ। এমনকি যিনি বাছাই করেছেন, তিনিও পরে তার বাছাইকৃত শ্রেষ্ঠ কবিতা নিয়ে সংশয়ে থাকেন। তাহলে কেন এই ‘শ্রেষ্ঠ কবিতা’র সংকলন? তিরিশের দশক থেকে ‘শ্রেষ্ঠ কবিতা’র সংকলন প্রকাশ করা একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলা ভাষাভাষী কবিদের কাছে। বুদ্ধদেব বসু, বিষ্ণু দে, জীবনানন্দ দাশ এবং পরে আরো অনেকেই এবং আমার দশকের ( নব্বইয়ের ) অনেক কবিই এই ঐতিহ্য ধরে রেখেছেন, ভবিষ্যতের কবিরাও তা করবেন বলে আমার বিশ্বাস।
অনেকের মতো আমিও মনে করি, Time is the best critic. কবিতার বাঁচা-মরা নিয়ে কোনো কবিরই উদ্বিগ্ন হবার কিছু নেই। কবিতা লেখা একটি পবিত্র সাধনা এবং একইসাথে রক্তাক্ত সংগ্রামও বটে। সেই সাধনা ও সংগ্রামের পথে, নিরন্তর এই যাত্রায়, ক্লান্ত রক্তাক্ত আমি সিসিফাসের মতোই লেগে আছি অসীম ধৈর্যে। কতটুকু কী করতে পেরেছি, আমি নিজেও জানি না। ‘শ্রেষ্ঠ কবিতা’র পাণ্ডুলিপি তৈরি করতে গিয়ে দেখলাম- এ বড়ো দুরূহ কাজ। কাকে বাদ দিয়ে কাকে রাখি, যাকে আমি কম গুরুত্বের কবিতা ভাবছি, পরক্ষণে সেই কবিতাটিই অন্যরকম গুরুত্ব নিয়ে সমুখে এসে দাঁড়াচ্ছে। তবুও কিছুটা নির্মম হয়েই বাদ দিতে হয়েছে অনেক কবিতা। এই নির্বাচন যেহেতু লেখকের নিজের, তাই কবুল করতে হচ্ছে যে, আমি এখানে অনেকটাই দ্বিধান্বিত থেকেছি এবং এ-ও সত্যি যে, যে-সব কবিতা বাদ পড়ে গেছে সে-গুলোর শিল্পমূল্য হয়তো অনেক নির্বাচিতের চেয়ে কম ছিল না। তবু এই সত্যকে মেনে নিতে হচ্ছে। এই নির্বাচনই মৌলিক।
কবিতা মূলত একাকিত্বের সংসার। এই সংসারে কবিই একমাত্র সদস্য যে তার আনন্দ-বেদনার উপান্তে দাঁড়িয়ে জীবন ও জগৎকে যে ভাবে দেখেন, পাঠক হয়তো সেভাবে দেখবেন না। পাঠক তাঁর নিজের মতো করে কবির এই সংসারের আলো-অন্ধকারে ঢুকে পড়েন, তাঁর নিজের মতো করে দ্যাখেন এর রূপ-লাবণ্য, ভাবেন এ জগতের বিস্ময় ও ব্যাপকতা। কবিতা নামের এইসব শব্দ-সংসারের অদূরে দাঁড়িয়ে আমার প্রায়শ মনে হয়- একি কোনো অর্থহীন নীরবতার সরব তৃষ্ণা, নাকি শব্দের বিবিধ লীলা!
Nature abhors superlative- এ কথা মনে রেখে, আমার এই হিমসন্ধ্যার গানগুলো দুহাত দিয়ে উড়িয়ে দিলাম প্রকৃতির গোপন অরণ্যে- এগুলো আর আমার রইল না। প্রকৃতির এই সামান্য উপহার প্রকৃতির কাছেই ফিরিয়ে দিলাম। প্রকৃতিই শ্রেষ্ঠ; জগতে শ্রেষ্ঠ বলে আর কোনোকিছু নেই। এখন আমি নির্ভার। এখন ঘুমিয়ে পড়ার আগে নিঃশঙ্ক চিত্তে গিয়ে দাঁড়াবো সেই পাকুড়গাছ তলে, যেখানে কৃষ্ণপক্ষের ক্ষয়িষ্ণু চাঁদের আলোয় একদা ঈশ্বর আমার অনাথ মস্তকে হাত রেখেছিলেন।
আর্থিক ক্ষতির ঝুঁকি নিয়ে, শুধু কবিতার প্রতি ভালোবাসা থেকে, অনুপ্রাণন প্রকাশনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা আবু ম. ইউসুফ ভাই গ্রন্থটি প্রকাশের সিদ্ধান্ত নিয়ে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন। তাঁকে জানাই অনেক অনেক ধন্যবাদ।
কামরুল ইসলাম
৪/১ ফ্রেন্ডস ক্যাসেল, পশ্চিম তেরখাদিয়া
রাজশাহী
Shreshtho Kabita by Kamrul Islam
নিষিদ্ধ সিম্ফনি – শাহানা আকতার মহুয়া
এই পদাবলি একই সাথে বিক্ষত এবং শুশ্রুষা। বেদনা এবং উপশম। নাড়িছেঁড়া আর্তনাদ এবং সান্ত্বনা।
কবিতাগুলি বিদ্রোহ, বিক্ষোভ, রাষ্ট্রবিপ্লবের ডাক দিচ্ছে না, বরং বসতে চাইছে ক্লান্ত, বিধ্বস্ত, বিপর্যস্ত মানুষের পাশে। একলা হয়ে পড়া মানুষকে বলতে চাইছে আমি আছি তোমার পাশে। কবিতাগুলো থেকে চুঁইয়ে পড়া অশ্রু-রক্ত একাত্ম হচ্ছে যন্ত্রণামথিত পাঠকহৃদয়ের রক্তক্ষরণের সাথে।
এমন সংবেদনশীল পদাবলি সাম্প্রতিক কবিতার জগতে বিরল হয়ে উঠছে। এই কবিতাগুলি তাই সত্যিকারের কবিতা।
‘ধ্রুপদ সন্ন্য্যাসে’ নিয়ে বাংলা কবিতার জগতে পদার্পণ করা শাহানা আকতার মহুয়া অনুচ্চকিত কিন্তু অবশ্যপাঠ্য কবি হয়ে উঠেছেন আজ।
পাঠককে তার কবিতার ভুবনে স্বাগতম।
– জাকির তালুকদার
Nishiddho Symphony by Shahana Aktar Mahuya
জুলাই দ্রোহ – মামুন মুস্তাফা
বাংলাদেশের জনজীবনে বিগত তিনটি ভোটারবিহীন কারচুপির নির্বাচনের মাধ্যমে জেঁকে বসা একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থা হরণ করেছিল গণমানুষের বাক-স্বাধীনতাসহ আর্থসামাজিক ও রাজনৈতিক অধিকারসমূহ। তৈরি হয়েছিল গুম-খুনের সংস্কৃতি এবং ‘আয়নাঘর’নামক বিরুদ্ধ মত দমনের অজানা নির্যাতন প্রকোষ্ঠ। সবশেষে ২০২৪-এর জুলাইয়ে সংঘটিত কোটা সংস্কার আন্দোলন থেকে উত্থিত প্রতিবাদকেও নিঃশেষ করতে চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের রোষে ভেঙে পড়ে দম্ভ ও আত্মঅহমিকার এক নিগূঢ় শাসনতন্ত্র। সেইসব কালোদিনের ক্ষোভ, বঞ্চনা ও নিষ্ঠুরতার যাতনাকথা মামুন মুস্তাফার এই কবিতাগ্রন্থ ‘জুলাই দ্রোহ’।
এ কাব্যের কবিতাগুলো রচিত হয়েছে ২০২৩-এর ডিসেম্বরে একতরফা নির্বাচনের আয়োজনকাল থেকে ২০২৪-এর আগস্টের মধ্যে। যাপিত জীবনের জটিল বিন্যাস এবং বাকভঙ্গি প্রতীকী মেজাজে মামুন মুস্তাফা এই কবিতাগুলোর ভেতরে আবিষ্কার করেন ওই সময়খণ্ডের দুঃসহ মাতৃভূমিকে।
July Droho
যৌবনবতী নিরীহ নগর – আনোয়ার রশীদ সাগর
‘সকলেই কবি নন, কেউ কেউ কবি’- জীবনানন্দ দাশের এ-কথা স্মরণে রেখেও নির্দ্বিধায় বলা যায় আনোয়ার রশীদ সাগর সেই ‘কেউ কেউ’-এর দলভুক্ত একজন সমাজসচেতন কবি। তাঁর কবিতায় চিরচেনা প্রকৃতির নানা উপাচার প্রতীকধর্মী চিত্রকল্পের মাধ্যমে উপস্থাপন করেছেন সামসময়িক বিষয়াবলী। বক্তব্যের ঋজুতায় ও শব্দ-কুশলতায় তিনি ব্যতিক্রমধর্মী সাফল্যের পরিচয় দিয়েছেন। শব্দবুননে কবির নিপুণতা তাঁর কবিতার শিল্পশৈলীকে স্বাতন্ত্র করেছে। মাটি ও মানুষের যাপিত জীবনের সংকট ও সম্ভাবনা তাঁর লেখার উপজীব্য। সম্প্রতি ঘটে যাওয়া গণ-আন্দোলনের পটভূমিতে রচিত অনেক কবিতায় প্রেম, দ্রোহ, প্রকৃতি, তারুণ্য, মানবিকতা, রোমন্টিকতা, সমাজমনস্কতা- এইসব মিলেমিশে একাকার অনন্যসুন্দর ছন্দের সুনিপুণ গাঁথুনীতে। প্রগতিশীল ও সাম্যবাদী রাজনৈতিক অভিজ্ঞতালব্ধ জীবনসত্যে তাঁর কবিতায় অন্যায়-অবিচার ও শৃঙ্খল ভাঙার দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়েছে। একইসাথে সময় ও কালসচেতন কবি হিসেবে তাঁর কবিতার ছত্রে ছত্রে সমাজ পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত হয়েছে। আর এভাবেই তিনি কবিতার ভাষায় এনেছেন প্রতিশ্রুতিশীল ও প্রতিনিধিত্বশীল অভিনবত্ব। কবিতার শব্দচয়নে শিল্পবোধ এবং জীবনবোধের অনুষঙ্গে যে সুষম সমন্বয় ঘটেছে, তাতে আমরা এ কথা বলতেই পারি- আনোয়ার রশীদ সাগর সেই কবি যিনি বিশ্বাস করেন, শিল্প মানুষের জন্য, জীবন-নদীর প্রতিকূল স্রোতে উজান বেয়েই কাব্যসৌন্দর্য উপভোগ করতে হয়। পাঠকরা জিজ্ঞাসু দৃষ্টি দিয়ে সে অন্তর্মুখী সৌন্দর্য ও কবিতার অনবদ্য ও সাবলীল বাকপ্রতিমা নিশ্চয়ই খুঁজে পাবেন এই কাব্যগ্রন্থে, যেমনটি তাঁরা পেয়েছেন ইতোপূর্বে প্রকাশিত ‘না যাব না’, ‘ও মেঘ ও নারী’, ‘মুখোশ মন্ত্রের ফড়িঙ কাব্য’, ‘আকাশ জুড়ে বাজপাখি ছোঁ’, ‘বৃষ্টি প্রেমে শ্রাবণসন্ধ্যা’, ‘দরজা খুলে খুলে যায়’ কাব্যগ্রন্থসমূহে এমনতর প্রত্যাশা করা হয়তো অমূলক হবে না।
Joubonboti Niriho Nagar by Anwar Rashid Sagar
























