ভ্রূণফুল – নুরুন্নাহার মুন্নি
নুরুন্নাহার মুন্নির কবিতা আমার ভালো লাগে, এমনকি তার সাহিত্যিক তৎপরতাও আমার পছন্দের। কারণ কবি হওয়ার জন্য একজন মানুষের যতটা নিমজ্জন, পরিশুদ্ধতা দরকার- তার মধ্যে সেটা আছে। সামাজিক মাধ্যমেও আমি তাকে অনুসরণ করি, তার কবিতা পড়ি এবং সাহিত্যিক-সাংগঠনিক কর্মকাণ্ড লক্ষ করি। এবার তার ‘ভ্রূণফুল’ কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি পড়তে গিয়ে এ ধারণা আরও প্রগাঢ় হলো। সত্যি সত্যি এই বইয়ের কবিতাগুলো আমায় মুগ্ধ করল। সচারচর অনেকে কবিতা লেখার ক্ষেত্রে পরিবেশ স্থানিকতা ভাষা এবং লৈঙ্গিক উপস্থিতি সঠিকমাত্রায় উপলব্ধি করতে পারে না; এতে কবিতায় কৃত্রিমতা ভর করে। কিন্তু মুন্নির ক্ষেত্রে তা ঘটেনি, তার কবিতার বিষয়, ভাষাশৈলী বেশ জীবন্ত এবং ভাবের উদ্রেককারী। একটি গার্হস্থ্য জীবন, সমকালীন রাজনৈতিক জীবন, মানবচরিত্রের কপটতা- তিনি শব্দ, উপমা, উৎপ্রেক্ষার দ্বারা তুলে ধরেন; তাই বলে তিনি ভুলে যান না প্রাণ-প্রকৃতি, প্রেম-রিরংসা, মানবচৈতন্যের রূপবৈচিত্র্য। মুন্নির কবিতার মধ্যে, বাক্যবন্ধের মধ্যে, শিরোনাম ও ভাষাশৈলীর মধ্যে এক সপ্রাণতা রয়েছে- যা কাব্যপাঠককে সহজে উজ্জীবিত করতে পারে, ভাবের ঘরে নিয়ে যেতে পারে। যেমন তার দুএকটি কবিতার কথা উল্লেখ করা যায়- আঙুলের মদ গিলে কামনার খইফুল, গ্রাফিতি জীবন, রক্ত ফোটে গাছে গাছে, মুখোশ পরা দিন, আমার খেয়ালে ছেঁড়া মানচিত্র, কাটা মাদুলীর নিহত স্বর, ঠোঁট ও উদ্ভ্রান্ত বিকেল, জংলি ফুল, বউ হবো, চেনা মুখ অপরিচিত ছায়া। আমার বিশ্বাস কাব্যপাঠক নুরুন্নাহার মুন্নির কবিতার নান্দনিক উপলব্ধি থেকে বঞ্চিত হবেন না।
-মজিদ মাহমুদ
কবি ও প্রাবন্ধিক
Vrunful - Nurunnahar Munni
কুনাফার শহরে – ক্ষমা মাহমুদ
ভ্রমণকাহিনি কেবল কোনো জায়গার প্রকৃতি বা রূপ বর্ণনাই নয়, তার সঙ্গে অনুপান হিসেবে থাকতে হয় জায়গাটার ইতিহাস-ঐতিহ্য, মানুষ এবং তাদের জীবনযাপনের সুলুক-সন্ধানও। তবে তথ্য বা ইতিহাসের অনুপাত কতখানি হবে, তারও রয়েছে কিছু অলিখিত হিসাব। তথ্য-উপাত্ত এবং সাহিত্যরসের ভারসাম্য রক্ষা করে একটা উপাদেয় ভ্রমণবৃত্তান্ত উপস্থাপন করার ক্ষমতা একজন কুশলী ভ্রমণলেখকের বিরল গুণ। এই বইতে এসব উপাদান ও রসে জারিত সাতটি ভ্রমণগল্প পাঠককে নিয়ে যাবে জর্ডানের ইতিহাসের অলিগলিতে যেখানে থমকে আছে হাজার বছর আগের সময়, যার পরতে পরতে পাওয়া যাবে নানান জানা-অজানা তথ্য।
গ্রেকো-রোমান সময়ে জর্ডানের রাজধানী আম্মানের নাম ছিল ফিলাডেলফিয়া, আরব দেশ হলেও জর্ডানে যে একসময় গ্রিক রোমানদের জবরদস্ত উপস্থিতি ছিল-সেসব নিদর্শনের সুস্বাদু বর্ণনা ও ইতিহাস পাওয়া যাবে এই বইতে। নরম হলুদ গমের মতো মিঠে রোদমাখা আরাম পাওয়া যাবে ওয়াদিরাম মরুভূমিতে যাযাবর বেদুইনদের ঘরবাড়ি আর জীবনযাত্রার অনুপুঙ্খ বর্ণনায়। আবার পাওয়া যাবে একই মরুভূমিতে তাঁবুর ভেতর রাতের তারা দেখে রাত কাটানোর বিরল অভিজ্ঞতাও। প্রাচীন রূপকথার মতো অবিশ্বাস্য সুন্দর পাথুরে নগরী পেত্রার ভেতর ফারাও রাজাদের ধন ভান্ডারের দরজাও যেন খুলে যাবে বর্ণনার মুনশীয়ানায়। জর্ডানের মৃত সাগরের জীবন্ত বর্ণনার সঙ্গে এই সাগরটি সম্পর্কে বহু মিথ ভেঙে দিয়ে প্রকৃত তথ্য তুলে ধরার পাশাপাশি বর্তমান যুগের বাণিজ্য-আগ্রাসনে এই বিচিত্র সাগর যে ক্রমে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, সেটা নিয়ে লেখকের উদ্বেগের আভাসও পাওয়া যাবে এই বইতে।
Kunafar Shahore - Khama Mahmud
তোমার চোখের জলে আমার জন্ম, মা – সারাবান তহুরা মৌমিতা
মায়ের চোখের জল শুধু দুঃখের নয়, তা ভালোবাসার, ত্যাগের আর সীমাহীন আশ্রয়ের প্রতীক। ‘তোমার চোখের জলে আমার জন্ম, মা’ গ্রন্থটি মাতৃত্বকে কেন্দ্র করে লেখা গভীর আবেগময় রচনা। এখানে উঠে এসেছে সন্তানের প্রতি মায়ের মমতা, অশ্রুর ভেতরে লুকিয়ে থাকা শক্তি আর জীবনের প্রতিটি মুহূর্তে সন্তানের জন্য মায়ের অগাধ আত্মত্যাগ।
এই উপন্যাসটি আমার মাকে কেন্দ্র করে লেখা একটি হৃদয়স্পর্শী গ্রন্থ। মায়ের অশ্রু, হাসি, ত্যাগ আর ভালোবাসা সবই আমাকে গড়ে তুলেছে আজকের আমি হিসেবে। এই বইয়ে আমি ফিরে গেছি মায়ের সাথে কাটানো স্মৃতি, সংগ্রাম আর অনন্ত মমতার গল্পে।
এই বই শুধু একটি সাহিত্যকর্ম নয়, এটি প্রতিটি পাঠকের হৃদয়ে স্পর্শ করবে, মনে করিয়ে দেবে আমাদের জীবনের প্রতিটি শ্বাস-প্রশ্বাসের পেছনে আছে মায়ের অশ্রু, প্রার্থনা ও অমলিন ভালোবাসা।
এই বই শুধু আমার ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ নয়, এটি প্রতিটি মায়ের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধায় এক বিনম্র উপসর্গ।
Tomar Cokher Jole Amar Jonmo, Ma - Saraban Tahura Moumita
নক্ষত্রের চোখে জল – আতাউর রেজা পরশ
শ্রাবণ মাসের শেষ দিক। আকাশে সাদা মেঘ উড়ে বেড়ায়। রাতদিন ঝরঝর করে বৃষ্টি নামে। বৃষ্টির অশান্ত গতিপ্রকৃতিকে নিস্তব্ধ করে দেয়। বাইরে কেবল জলের হা হুতাশী ক্রন্দন শুনতে পাই। বৃষ্টি আমাকে ঘরের মাঝে বন্দি করে রাখে। একা একা আমি বসে জলের খেলা দেখি। আমার আস্তাহারা মন কেন যেন বারবার কেঁদে ওঠে। সে যেন কার শূন্যতা অনুভব করে। প্রকৃতি জলের ছোয়ায় সজীব হয়ে ওঠে। কিন্তু আমার মনটা সতেজ হয় না। মন তো কেবল ভালোবাসায় সতেজ হয়। আর সেই ভালোবাসার সন্ধানেই আমি নক্ষত্রের চোখে জল লিখলাম।
Nokkhotrer Chokhe Jol - Ataur Reza Porosh
ক-তে কুকুর – সাদিয়া সুলতানা
ম-তে মানুষ আর ক-তে কুকুর, দুয়ের মধ্যে পার্থক্য বিস্তর। তবু দ্বিপদী মানুষের সঙ্গে চতুষ্পদী কুকুরের তুলনা করে মানুষ কখনও কখনও আত্মতৃপ্ত হয়, কখনও-বা নিজের প্রতিহিংসা চরিতার্থ করে। কারণ মানুষ বিশ্বাস করে, একমাত্র সে-ই সেরা। অথচ প্রতিদিনের বাস্তবতায় মানুষের এতটা বৈচিত্র্যময় রূপ দৃশ্যমান হয় যে, সেই অভিঘাত তাকে সৃষ্টির সেরা জীব ভাবার ক্ষেত্রে দ্বন্দ্বে ফেলে দেয়। এসব দ্বন্দ্ব সৃষ্টিতে রাষ্ট্রযন্ত্রও অনিবার্যভাবে ভূমিকা রাখে। সবকিছুর পরেও সব ধাঁধা অতিক্রম করে মানুষের ভেতর চলে গল্পের নিরন্তর অন্বেষণ। কাক্সিক্ষত গল্প নির্মাণপর্বে সৃষ্টির সেরা জীব একপ্রকার নাজুক অবস্থাতেই ধরা দেয়। তখন গল্পের পাশাপাশি অগল্পও তৈরি হয়, একই সঙ্গে নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার উদ্গত এক লড়াইও শুরু হয়ে যায়। ‘ক-তে কুকুর’ গ্রন্থের গল্পগুলো মূলত সেসব মানুষের গল্প, যারা আত্মপরিচয় বিস্মৃত হয়ে এমন শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বারবার পরস্পরের মুখোমুখি দাঁড়িয়ে যায়।
Ka-te Kukur - Sadia Sultana
তিয়াস – মৌরী তানিয়া
বুদ্ধি হওয়ার পর থেকেই মিন্তি কলকাতা টাটা মেমোরিয়াল সেন্টারের ডরমিটোরি ‘প্রেমাশ্রয়া’র ২০২ নম্বর স্যুইটের ফ্রিজের তলা থেকে দেখে আসছে মানুষেরা কীভাবে ক্যানসারের সঙ্গে লড়াই করে; কখনো জয়ী হয়, কখনো হেরে যায়। সবার জন্যই তার ভীষণ মায়া। তবে ঝুমা নামের তরুণীটির জন্য তার মায়াটা বড্ড বেশি। কারণ?
ঝুমা আপু এই স্যুইটে থেকে ক্যানসারের সঙ্গে লড়াই করে যাচ্ছে। তার মনটা ভীষণ নরম, সবার জন্য তার খুব মায়া; সবাইকে সে খুব ভালোবাসে। ঝুমা আপু যেন শুধু ভালোবাসার জন্যই পৃথিবীতে এসেছে। মিন্তিও তাই তাকে খুব ভালোবাসে। সে সারাক্ষণ প্রার্থনা করে, ঝুমা আপু যেন সেরে ওঠে।
কিন্তু ঝুমা কি ক্যানসারের সঙ্গে লড়াই করে জিতবে? নাকি হেরে যাবে? মিন্তিই-বা কেন একদিন নিজের ঘর ছেড়ে বেরিয়ে পড়বে? যা সে চায় তা কি পাবে?
ব্যাধির বিরুদ্ধে মানুষের প্রাণান্তকর লড়াই। কখনো জয়, কখনো পরাজয়। তার মাঝে সুখ-দুঃখ, মায়া-মমতা-ভালোবাসায় ভরা চিরায়ত জীবনের এক অসাধারণ কাহিনি মৌরী তানিয়ার তিয়াস। একবার পড়তে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত থামা যায় না।
Tiash - Mouri Tania
চৈত্রে দেখা সর্বনাশ – আরিফুর রহমান
নিশ্চিন্তপুর আমার গ্রাম। বুড়ো বটগাছ, আমবাগিচা, ফারাক্কা খাল, বাগদি ভিটে, উঁচু পুল-যার নাম দিয়েছি হিমালয়-বিস্তীর্ণ মাঠ এবং বিচিত্র গড়নের, রঙের ও স্বভাবের মানুষ; এই গ্রামেরই অনুষঙ্গ, ভেতরে-বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। আমি কেবল তাদের গল্প বলতে চেয়েছি, এই উপন্যাসে।
লিখতে বসে আমার কেবলই মনে হয়েছে অভ্যস্ত জীবনের সরল বয়ান না হয়ে এই কাহিনি হয়ে উঠুক বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন মানুষগুলোর যাপিতজীবনের বর্ণনা। তাই সচেতনভাবেই এসেছে পরাবাস্তবমুহূর্ত। ফলে হয়তো উপন্যাসের কাহিনিতে বাস্তব ও পরাবাস্তব মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। তাছাড়া চরিত্রগুলোর নিজস্ব চলনগতির সঙ্গে বর্তমানের প্রয়োজনেই ফিরে এসেছে ঘটনাবহুল অতীত। সেটা রাষ্ট্রীয় এবং চরিত্রের একান্ত ব্যক্তিগতও।
কাহিনির মূল চরিত্র বাবলু নির্বাক হয়েও বলে যায় অনেক। কখনো তার দৃষ্টির অনন্যতায়, আবার কখনো টুম্পার স্পর্শের বিস্ময়কর শক্তিতে।
ছড়া বুড়ি, যার ছান্দসিক বৈশিষ্ট্যের আড়ালে হারিয়ে গিয়েছে প্রকৃত নাম! তিনি কাহিনি জুড়ে তিন প্রজন্মের ধারাবাহিকতার সেতু হয়ে আছেন।
ময়না পাখিটিও চেনা ছন্দের বাইরে গিয়ে ওড়াউড়ি করবার সুযোগ পেয়েছে।
আরিফুর রহমান
সেপ্টেম্বর, ২০২৫
Chaitre Dekha Sarbonash - Arifur Rahman
কলমশিল্পী : স্মৃতিতে সৃজনে – মোহাম্মদ জয়নুদ্দীন
ড. মোহাম্মদ জয়নুদ্দীন-এর লেখালেখির হাতেখড়ি স্কুলজীবন থেকে। ছোটগল্প দিয়ে সূচনা; কবিতা, বেতার নাটক হয়ে বর্তমানে প্রবন্ধ-গবেষণা-স্মৃতিকথা রচনায় নিমগ্ন। প্রায় চার দশক তিনি বাংলাদেশ বেতারে নাট্যকার, নাট্যশিল্পী, কথক ও সাহিত্যবিষয়ক অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন। টেলিভিশনের সাহিত্য অনুষ্ঠানেও তিনি সক্রিয়।
ড. মোহাম্মদ জয়নুদ্দীন সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠানে শিল্পসাহিত্যসম্পর্কিত আলোচক, প্রাবন্ধিক, স্মারকবক্তা ও সভাপতি হিসেবে অংশগ্রহণ করেন। ব্যক্তিজীবনে তিনি বহু মনীষীর সাহচর্য পেয়েছেন। তাঁদের নিয়ে লেখেন স্মৃতিকথা আর প্রিয় সাহিত্যিকদের সাহিত্যকর্মের আলোকে রচনা করেন প্রবন্ধ। এ-সব স্মৃতিসঞ্চয় ও প্রবন্ধ নিয়েই বর্তমান গ্রন্থ- ‘কলমশিল্পী : স্মৃতিতে সৃজনে’।
Kalamshilpi : Smrityte Srijone - Mohammed Zainuddin
একুশ – আবদুল মতিন
মানুষের মন একটি বিমূর্ত বৈচিত্র্যের আধার। বস্তুত মানুষের মনের চেয়ে অধিক বৈচিত্র্যময় কিছু বুঝি এ বিশ্বলয়ে দ্বিতীয়টি নেই। একজন মানুষের মনে একই সময়ে, একইসাথে লক্ষ-কোটি দ্বন্দ্ব-সংঘাত ক্রিয়া করে। এ মানসিক দ্বন্দ্বের ওপর ব্যক্তির আসলে তেমন কোনো নিয়ন্ত্রণ থাকে না। তবে অধিকাংশ ক্ষেত্রে একজন ব্যক্তির শ্রেণিগত ও পেশাগত ভিন্নতার কারণে ব্যক্তিতে ব্যক্তিতে এ দ্বন্দ্বসমূহের আচরণগত বৈশিষ্ট্যে ভিন্নতা পরিলক্ষিত হয়।
জনাব মো. আবদুল মতিন পেশায় ছিলেন একজন ব্যাংকার। কর্মজীবনে পেশাগত কারণেই প্রতিদিন তাঁকে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিশতে হতো। এরই সুবাদে তিনি তাদের মনের দ্বন্দ্ব-সংঘাতের প্রকৃতি বোঝার চেষ্টা করতেন। তারই লব্ধজ্ঞানে মানুষের মনের কথাগুলো তিনি কবিতার মাধ্যমে প্রকাশ করে থাকেন, প্রকাশ করে থাকেন সমাজের স্তরে স্তরে বিদ্যমান নানান অসংগতিসমূহ। কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিক বর্ণনায়, কখনো-বা প্রতিবাদী ভাষায়। তাছাড়াও সৃষ্টির সেরা জীব হিসেবে একজন মানুষের করণীয়, মানুষের সাথে মানুষের আচরণ, মানবিক মূল্যবোধ ইত্যাদি কেমন হওয়া উচিত সে বিষয়গুলিও উঠে আসে তার কবিতায়। উঠে আসে প্রকৃতি, বাদ পড়ে না সাম্প্রতিক বিষয়াদিও।
Ekush -Abdul Matin
বধিরের পাঠশালা – কামাল মুহম্মদ
কামাল মুহম্মদ সত্যসন্ধানী কবি। ‘বধিরের পাঠশালা’ কবির ষষ্ঠ কাব্যগ্রন্থ। তার কবিতায় চিত্রকল্প কল্পনা ও প্রতীকে মূর্ত হয়ে জীবন ও জগতের ইমেজ তৈরি করে। তার বাস্তবতা আর্তের ধ্বনি হয়ে চিৎকার করে এবং শেষতক শিল্পের রূপ-দুয়ার খুলে দর্শনে গিয়ে থামে। তখন কবিতায় দার্শনিকতা যেমন ফুটে ওঠে তেমনই কবিতা হয়ে ওঠে শিল্পমণ্ডিত। কবি আগে সমষ্টিকে ধারণ করেন নিজের ভেতরে। তারপর সামষ্টিক ধারণার অভিব্যক্তিকে শিল্পরূপ দেন কবিতায়। যেমন- ‘ডানার বাইরে যেতে পারে না পাখি’ অথবা ‘আমিকে ভাঙতে ভাঙতে গড়ি/জন্মাই আমি, নাম ধরে ডাকি হেই কামাল? কোথায়?’-এ এক দার্শনিক জিজ্ঞাসা। নিজেকে চেনার-জানার এবং জগৎকে বোঝার। এভাবেই বুনন হয় কবির কবিতা-দর্শন। যে দর্শন মানবিকতা, কল্যাণ, নৈতিকতা ও সৌন্দর্যকে নিয়ে হাঁটে। তিনি যখন বলেন, ‘দাঁড়কাক হই, ডালে বসে ডাকি দুপুরে-ভাত দে, রুটি দে/মদ দে…’ সত্যি সত্যিই আমরা তখন এমন এক জীবনের মুখোমুখি দাঁড়াই যেখানে আর্তমানবতার হাহাকার ছাড়া কিছুই ভাবা যায় না। এমতাবস্থায় কবিতাকে তিনি যে সত্যের মুখোমুখি নিয়ে যান তাতে একুশ শতকের পোশাক পরা সভ্যতার মুখোশ উন্মোচিত হয়ে পড়ে। গ্রন্থের প্রতিটি কবিতায় তার এই বোধ বিস্ময়ের উদ্রেক করে। তখন পরিশুদ্ধ এক বাস্তবতা কল্পনা করা ছাড়া পাঠকের আর উপায় থাকে না। গ্রন্থটি পাঠকপ্রিয় হোক।
কবি সরকার আজিজ
Bodhirer Pathshala - Kamal Muhommod
বৃষ্টি : মনোমুগ্ধকর খুনি – এমরান কবির
তোমার ভূগোলে আসার পর
ভেবে দেখ
কীরূপ ছিল আমার জয়োল্লাস
আজ ভূগোলের গোলে
থামিয়ে রেখেছি গান
ফেরার পথে নিয়ে যাব
তোমার না-দেখানো
বৃষ্টির সোনালি আগুন
যার জন্য অনেক আগেই আমি
হয়েছিলাম খুন
Brishti : Monomugdhokor Khuni - Emran Kabir
ইদানীং নীল হওয়া বনে – জহুরুল ইসলাম
সবুজ পাতার মুখে গুচ্ছ গুচ্ছ ফুলের মতো জহুরুল ইসলামের কবিতা। বসন্তদিনের ভোরের আলোর সাথে খেলা করে রূপ, রস ও ছন্দে। এ যেন মানবজীবনের উষ্ণতা আর সৌরভের সুরেলা হাওয়া। সাম্প্রতিক আধুনিকতার শিল্পিত পাল্লায় জহুরুল ইসলাম এক অনিবার্য নাম। তার কবিতা লোভনীয় ডালিম দানার মতো টুকটুকে লাল। নির্মাণ করেন জীবনপ্রবাহের চিত্রাবলি কবিতার চরণ ও পঙ্ক্তির মুরতিজুড়ে। কবিতা তো এমনই : জীবনের চলমানতা, প্রকৃতি ও মানুষের মেলবন্ধন। নদীর গতিপথ যেমন এঁকেবেঁকে চলে তেমনি মানবজীবনের গতিপথও মসৃণ নয়। তাই তো কবিতার পরতে পরতে আঁকা হয় মানবচরিত্রের বৈচিত্র্যময় অনুভব। জহুরুল ইসলামের কবিতার আঙিনা উপমার আবরণে অবিরল আলোকচ্ছটার রূপসী নারীর সুরভিত সুর আর ভাবের ব্যঞ্জনায় ভেসে ওঠে যৌবনের রঙিন অনুভূতির উন্মাতাল জোয়ার। কবিতার শরীরজুড়েও ঢলে পড়ে ষোড়শী নারীর বাঁধভাঙা যৌবন। আমি তাঁর কবিতার সিথানে মন রাখি প্রার্থনার মতো। আমার বিশ্বাস এ-কাব্যটি আপনাদের হৃদয়কে স্নিগ্ধ করবে।
আদ্যনাথ ঘোষ
০২.০৯.২০২৫
Edaning Neel Hawya Bone - Jahurul Islam























