Description

মাহবুব অনিন্দ্য
জন্ম ১২ ডিসেম্বর, কুড়িগ্রাম। পেশায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। সম্পাদনা করেন আরশিনগর নামে কবিতার কাগজ। চৈতন্য থেকে ২০১৬ এবং বেহুলাবাংলা থেকে ২০১৮ সালে প্রকাশিত হয় যথাক্রমে ঘাসফুল অপেরা ও অপার কলিংবেল নামে দুটি কবিতাগ্রন্থ।
আত্মজীবনীর এপর্যন্ত না-লেখা খসড়ার প্রথম বাক্যটি হতে পারে এরকম- The aim of art is to prepare a person for death. শেষ বাক্যটি এখনও হয়নি লেখা- হয়তো হবেও না লেখা কোনোদিনই। মধ্যবর্তী শূন্য পৃষ্ঠাগুলো আমি ভরিয়ে তুলছি আধফোটা কিছু ভাষা, অসমাপ্ত মনোলগ এবং ছড়িয়ে থাকা অস্তিত্বের প্রতিধ্বনি দিয়ে। কখনও মনে হয়, তারকোভস্কি যদি এই মহৎ বাক্যটি উচ্চারণ না করতেন, তবে আমার কম্পমান আঙুলের ডগায় শব্দের পর শব্দ বসিয়ে এই ছদ্ম-জীবনীটুকু লেখা অতটা সহজ হয়তো হতো না।
প্রশ্ন থেকে যায়- সৃজনশীলতা বলে আদৌ কি স্বতন্ত্র কিছু আছে? নাকি সমস্ত লেখালেখি কেবলই প্রতিচ্ছবি ও পুনরাবৃত্তি; এক অন্তহীন অনুবাদ? যে লেখে, সে নাকি আমি নয়, অন্য কেউ। এবং সেই অন্য কেউও হয়তো শেষপর্যন্ত কেউ নয়- হয়তো অদৃশ্যের ইশারা, কোনো গূঢ় সংকেত; মহাবিশ্বের গভীরতম অন্ধকারে স্থগিত থাকা সামান্য, ক্ষীণ এক স্পন্দন।
























There are no reviews yet.